সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে শ্রমিকের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা সদর উপজেলায় ভোমরা ইউনিয়নের একজন ইটভাটার শ্রমিক (৬৫) মারা গেছেন। আজ বুধবার ভোররাত চারটার দিকে তাঁর মৃত্যু হয়। ওই শ্রমিকের বাড়িটি লকডাউন করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য জানান, ওই ব্যক্তি চট্টগ্রামে ইটভাটায় কাজ করতেন। ২৬ এপ্রিল তিনি বাড়ি আসার পর বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেওয়ার পাশাপাশি তাঁকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য কথা বলা হয়। কিন্তু তিনি না থেকে ভ্যান চালাতেন।

ইউপি সদস্য আরও জানান, চট্টগ্রাম থেকে আসার পর ওই ব্যক্তি শ্বাসকষ্টের পাশাপাশি কাশি ও সর্দিতে ভুগছিলেন। এ জন্য স্থানীয় একজন গ্রাম্য চিকিৎসকের পরামর্শ নেন। গতকাল মঙ্গলবার রাতে তার কয়েকবার পাতলা পায়খানা হওয়ার পর আজ ভোরে মারা যান।

সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, মৃত ব্যক্তির স্ত্রী ও ছেলের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হবে। বাড়িটি লকডাউন করা হয়েছে।