সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

সাতক্ষীরা সদর উপজেলার ওয়ারিয়া গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে বৃহস্পতিবার রাত আটটার দিকে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতেরা এক লাখ টাকা ও ১৫ ভরি সোনার গয়না লুট করে নিয়ে গেছে। সাতক্ষীরা সদর উপজেলার ওয়ারিয়া গ্রামের ব্যবসায়ী আবদুল মজিদ গাইনের স্ত্রী রাবিয়া খাতুন জানান, রাত আটটার দিকে সাত-আটজনের একদল ডাকাত তাঁর বাড়িতে ঢুকে তাঁকে আটকে হাত-মুখ ও পা বেঁধে ফেলে। এরপর বড় ছেলের স্ত্রী রহিমা খাতুনকে মারধর করে অস্ত্রের মুখে জিন্মি করে আলমারি ভেঙে নগদ এক লাখ টাকা ও ১৫ ভরি ওজনের সোনার গয়নাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম খান জানান, তিনি ঘটনা জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।