গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব শরীফা আহমেদ স্বাক্ষরিত এক আদেশে গত বৃহস্পতিবার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। চিঠিতে বলা হয়, শহিদুল ইসলাম কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অবকাঠামো নির্মাণের ১ হাজার ৮০০টি ইট সরিয়ে ফেলেছেন বলে প্রমাণিত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। শহিদুল ইসলাম বলেন, ‘বরখাস্তের কথা শুনেছি। তবে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত এ-সংক্রান্ত কোনো চিঠি পাইনি।’ গাইবান্ধা প্রতিনিধি|