রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গত বৃহস্পতিবার অনুষ্ঠান করতে না দেওয়ার প্রতিবাদে আগামীকাল রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। রাজধানী ঢাকাসহ সব মহানগরের থানায় থানায় ও জেলা সদরগুলোতে এই কর্মসূচি পালন করা হবে।
গতকাল শুক্রবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।
ঢাকায় গুম ও নিখোঁজ হওয়া বিএনপির নেতা-কর্মীদের পরিবারের সদস্য ও বিশিষ্টজনদের নিয়ে বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ফিরিয়ে দাও’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছিল বিএনপি। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার আগেই পুলিশ মিলনায়তনের দরজায় তালা লাগিয়ে দেয়।