
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপির নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের সন্ধান ভারতে পাওয়া গেছে বলে তাঁরা লোকমুখে শুনেছেন। ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আজ মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুঠোফোনে প্রথম আলোকে এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান আরও বলেন, ভারতের মেঘালয়ের যে হাসপাতালে তাঁর খোঁজ পাওয়া গেছে বলে জানা গেছে, সরকার সেখানে যোগাযোগ করবে।
সালাহ উদ্দিন আহমদকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেবে কি না, প্রথম আলোর পক্ষ থেকে করা এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন এ ব্যাপারে আইনি ভাবে যা করার দরকার সরকার তা করবে।