কায়িক পরিশ্রম কমছে, বাড়ছে বসে থাকার অভ্যাস। এটি মারাত্মকভাবে জনস্বাস্থ্যের ক্ষতি করছে।

বাংলাদেশে মানুষের মৃত্যুর ২ দশমিক ৮২ শতাংশ ক্ষেত্রে কারণ লিভার বা যকৃতের বিভিন্ন রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যকৃতের রোগের চিকিৎসকদের সংগঠন হেপাটোলজি সোসাইটি। সংগঠনটি নিজেদের জরিপের বরাত দিয়ে আরও জানিয়েছে, দেশের প্রায় সাড়ে চার কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত।
আন্তর্জাতিক ‘ন্যাশ ডে’ উপলক্ষে গতকাল বুধবার হেপাটোলজি সোসাইটি আয়োজিত এক জনসচেতনতামূলক বৈজ্ঞানিক সেমিনারে এসব তথ্য জানানো হয়। ফ্যাটি লিভার মানে হলো যকৃতে চর্বি জমে যাওয়া এবং যকৃত একটু বড় হয়ে যাওয়া। ফ্যাটি লিভারের একটি বিপজ্জনক পরিণতি হলো ‘নন-অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস’ (সংক্ষেপে ন্যাশ)। আজ ৯ জুন ‘স্টপ ন্যাশ নাও’ (ন্যাশ এখনই বন্ধ কর) প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে পঞ্চম আন্তর্জাতিক ন্যাশ দিবস।
রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হেপাটোলজি সোসাইটির সেমিনারে বক্তারা বলেন, দেশে লিভার সিরোসিস ও লিভার ক্যানসারের মতো অসুস্থতা দ্রুত বাড়ছে। শুধু চিকিৎসাকেন্দ্র যথেষ্ট নয়, সচেতনতা বাড়াতে হবে।
প্রযুক্তির প্রতি আসক্তি মানুষের জীবনযাপনে বিরূপ প্রভাব ফেলছে। কায়িক পরিশ্রম কমছে, বাড়ছে বসে থাকার অভ্যাস। এটি মারাত্মকভাবে জনস্বাস্থ্যের ক্ষতি করছে। ফ্যাটি লিভার হচ্ছে লিভার সিরোসিস ও লিভার ক্যানসারের অন্যতম কারণ। কায়িক পরিশ্রম কম হলে ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ে।অধ্যাপক এ এস এম মতিউর রহমান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) অধ্যাপক এ এস এম মতিউর রহমান। তিনি বলেন, প্রযুক্তির প্রতি আসক্তি মানুষের জীবনযাপনে বিরূপ প্রভাব ফেলছে। কায়িক পরিশ্রম কমছে, বাড়ছে বসে থাকার অভ্যাস। এটি মারাত্মকভাবে জনস্বাস্থ্যের ক্ষতি করছে। ফ্যাটি লিভার হচ্ছে
লিভার সিরোসিস ও লিভার ক্যানসারের অন্যতম কারণ। কায়িক পরিশ্রম কম হলে ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ে।
বিশেষ অতিথির বক্তব্যে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ বলেন, উচ্চতার অনুপাতে ওজন বেশি হলেই ফ্যাটি লিভারের ঝুঁকি তৈরি হয়। তবে ওজন কমানোর জন্য না বুঝে খাবার গ্রহণ কমানো যাবে না। প্রয়োজন জীবনযাপনে নিয়মানুবর্তিতা আনা।
সেমিনারে সভাপতিত্ব করেন হেপাটোলজি সোসাইটির সভাপতি ডা. মবিন খান। তিনি ব্যক্তিগত ও জাতীয়ভাবে ফ্যাটি লিভার সমস্যা নিয়ন্ত্রণে ১১টি পরামর্শ দেন। যার মধ্যে রয়েছে সপ্তাহে পাঁচ দিন প্রতিদিন ৩০ মিনিট করে হাঁটতে হবে, প্রক্রিয়াজাত খাবারের ক্ষেত্রে মোড়কে পুষ্টি ও শক্তিমান উল্লেখ করা বাধ্যতামূলক করতে হবে, সড়কের পাশে সাইকেল চালানো ও হাঁটার লেন থাকতে হবে, কোমল পানীয়ের বদলে তাজা ফলের রস ও পানি পানকে উৎসাহিত করতে হবে, ব্যবহার ও প্রয়োগ কমানোর জন্য চর্বি ও চিনি-কর আরোপ করতে হবে এবং শরীর চর্চা বাড়ানোর পরিবেশ নিশ্চিত করতে হবে।
হেপাটোলজি সোসাইটির সাধারণ সম্পাদক ডা. শাহীনুল আলম বলেন, ফ্যাটি লিভার সমস্যা শহর ও গ্রাম—দুই জায়গাতেই বাড়ছে। গ্রামের নারীদের কায়িক পরিশ্রমের সুযোগ কমছে। ফলে তাঁদেরও এ সমস্যায় আক্রান্ত হওয়ার হার বাড়ছে।
জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু বলেন, ফ্যাটি লিভার প্রতিরোধের ক্ষেত্রে দরিদ্র মানুষের কথাও চিন্তা করতে হবে।
সেমিনারে ভারত থেকে অনলাইনে অংশ নেন ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টাডি অব দ্য লিভারের সাধারণ সম্পাদক অধ্যাপক অজয় কুমার ডিসুজা। যুক্তরাষ্ট্র থেকে অংশ নেন ওয়াশিংটন ডিসির গ্লোবাল লিভার ইনস্টিটিউটের ন্যাশ বিভাগের পরিচালক জেফ ম্যাকইনটায়ার।