নাটোরের সিংড়ায় গতকাল বৃহস্পতিবার সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সাকিব আল হাসান (৮) নামের এক শিশু নিহত হয়েছে। সে সিংড়া উপজেলার বড়গাছা গ্রামের আনছার আলীর ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে সাকিব বড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। উপজেলার কালীগঞ্জ-নন্দীগ্রাম সড়কের বড়গাছা এলাকায় পৌঁছালে সিএনজিচালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ওই অটোরিকশাটি ভাঙচুর করে এবং কালীগঞ্জ-নন্দীগ্রাম সড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে। পরে উপজেলা প্রশাসনের অনুরোধে লোকজন অবরোধ তুলে নেয়।