
চট্টগ্রাম নগরের বাকলিয়ার ভরা পুকুরপাড় এলাকায় আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ শনিবার রাত ৯টায় এই ঘটনা ঘটে। আহত লোকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সদস্য শিলব্রত বড়ুয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আগুনে দগ্ধ হওয়া ব্যক্তিরা হলেন প্রদীপ দাশ (৫২), মধুসূদন দত্ত (৪৫), যদু বিশ্বাস (৫৫), পংকজ দে (৪০) ও কিশোর কুমার দে (৪২)। জানা গেছে, সিগারেট ধরানোর সময় গ্যাস লাইটারের বিস্ফোরণ ঘটে। এতে ঘরে আগুন ধরে যায়।
শিলব্রত বড়ুয়া প্রথম আলোকে বলেন, ভরা পুকুরপাড় এলাকার আবদুল হামিদ মিয়ার বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহত লোকজনকে হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।