সিলেটের সঙ্গে প্রায় সাত ঘণ্টা পর সারা দেশের ট্রেন যোগাযোগ আজ রোববার সকাল থেকে আবার শুরু হয়েছে। মৌলভীবাজারের ভানুগাছ ও শ্রীমঙ্গল রেলস্টেশনের মধ্যবর্তী লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে একটি ডেমু ট্রেন লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল।
গতকাল শনিবার রাত ১১টার দিকে উদ্যানের ভেতর ট্রেনটি লাইনচ্যুত হয়। আজ সকাল ছয়টার দিকে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা হলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।
কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশনের মাস্টার হরিপদ সরকার সকাল সাতটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঝোড়ো বাতাসে লাউয়াছড়া উদ্যানে রেললাইনের ওপর পাশের টিলা থেকে একটি গাছ উপড়ে পড়ে। গতকাল রাত ১১টার দিকে আখাউড়া থেকে সিলেটগামী ডেমু ট্রেনটি ওই এলাকা অতিক্রমের সময় গাছে ধাক্কা লেগে ইঞ্জিনসহ পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে কুলাউড়া ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজ শেষে সকাল ছয়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।