সিলেটে প্রবাসীদের বাড়িতে ডাকাতি থামছেই না। গোলাপগঞ্জ উপজেলায় গত সোমবার রাতে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির পর এবার কানাইঘাট উপজেলায় ফ্রান্স-প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা ওই প্রবাসীর পরিবারের দুই সদস্যকে কুপিয়ে স্বর্ণলংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। গতকাল শুক্রবার ভোরে ডাকাতির ঘটনা ঘটেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোরে ১৫-১৬ সদস্যের মুখোশ পরা একদল ডাকাত ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে কানাইঘাট উপজেলার জুলাই গ্রামের প্রবাসী ফারুক আহমদের বাড়ির প্রধান ফটক ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। এ সময় প্রবাসী ফারুকের ভাই সিরাজ আহমদ (৪০) ও ভাগনে আবুল হাসনাত (২৫) চিৎকার করলে ডাকাতেরা কুপিয়ে তাঁদের জখম করে। এরপর ঘরের অন্য সদস্যদের জিম্মি করে হাত-পা-মুখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে।