মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী গুলশান আরা মিলি সিলেট বিভাগে প্রথমবারের মতো নারী চেয়ারম্যান হলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিতের মৃত্যুতে শূন্য পদে গত রোববার এ উপজেলায় উপনির্বাচন হয়। গুলশান আরা এম এ মুমিতের স্ত্রী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি।
সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বেসরকারি ফলাফল অনুযায়ী, গুলশান আরা মিলি পান ২২ হাজার ৪৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও দলের উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন ১১ হাজার ৭৬৩ ভোট পান।
বাংলাদেশ উপজেলা পরিষদ ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন জানান, সিলেট বিভাগের ৩৫টি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে কোনো নারী নেই। গুলশান আরা মিলি প্রথম এ পদে জয়ী হলেন।