চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গতকাল সোমবার এক দিনে সর্বোচ্চ ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কোভিড–১৯ আক্রান্তদের মধ্যে দুই স্বাস্থ্যকর্মী, ওষুধ বিক্রেতা, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, পরিবহন শ্রমিক রয়েছেন। এ ছাড়া একই পরিবারের সর্বোচ্চ তিনজন আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, তাঁর কার্যালয় এলাকায় পরিবার পরিকল্পনা বিভাগের দুই স্বাস্থ্যকর্মী রয়েছেন। পরিকল্পনা বিভাগের অংশটি লকডাউন করা হয়েছে। এ ছাড়া একটি এলপিজি গ্যাস কারখানার মসজিদের ইমাম ও গাড়ির চালকের সহকারী করোনায় আক্রান্ত হয়েছেন।
গত ৮ এপ্রিল উপজেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর বিভিন্ন সময়ে তিনজনের বেশি শনাক্ত হয়নি। তবে সোমবার ২৪ ঘণ্টায় আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ ছিল। আজ সকালে স্বাস্থ্য বিভাগের লোকজন ও পুলিশ গিয়ে আক্রান্তদের বাড়ি লকডাউন শুরু করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় বলেন, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হচ্ছে না। তারা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় বাজারে আসা লোকজনকে সতর্ক করার চেষ্টা চালিয়ে গেলেও কেউ কান দিচ্ছেন না। নিজে থেকে সচেতন না হলে আক্রান্তের সংখ্যা বাড়বে।