সুজাতার বক্তব্যে জামায়াতের প্রতিবাদ

এরশাদের সঙ্গে সাক্ষাতের সময় জামায়াতকে নিয়ে সুজাতা সিংয়ের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে দলটি। আজ বুধবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ প্রতিবাদ জানান।

শফিকুর রহমান বিবৃতিতে বলেন, ‘ভারত আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র। ভারতের নিকট থেকে আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ প্রত্যাশা করি। ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং বাংলাদেশ সফরে এসে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে সাক্ষাত্কালে “আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল নির্বাচিত হলে জামায়াত-শিবিরসহ মৌলবাদী শক্তির উত্থান হবে” মর্মে যে বক্তব্য রেখেছেন তাতে বাংলাদেশের জনগণ বিস্মিত হয়েছে। ’

বিবৃতিতে দাবি করা হয়, ‘জামায়াত-ছাত্রশিবির গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়মতান্ত্রিক পন্থায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। জামায়াতের ইতিবাচক ভূমিকায় জামায়াতের জনসমর্থন ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। জামায়াতের আহ্বানে সাড়া দেওয়ার অধিকার দেশের প্রত্যেক নাগরিকেরই রয়েছে। এ ক্ষেত্রে জামায়াতের উত্থান ঠেকানোর জন্য ভারতের পররাষ্ট্রসচিবের বক্তব্য বাংলাদেশের মানুষের ইচ্ছা, আকাঙ্ক্ষা, পছন্দ ও গণতান্ত্রিক অধিকারের প্রতি নির্লজ্জ হস্তক্ষেপের শামিল।’

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে সফররত ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং আজ বিকেলে দেখা করেন। সাক্ষাত্ শেষে এরশাদ প্রেস ব্রিফিং করেন।

এ সময় সুজাতা সিংয়ের সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে এরশাদ  বলেন, ‘সুজাতা বলেছেন, “অন্য কোনো দল যদি নির্বাচিত হয়, তাহলে দেশে জামায়াতে ইসলামীর উত্থান হবে, এটা কি আপনি চান?”’

এরশাদ বলেন, ‘যদি জামায়াতের উত্থান হয় তাহলে এর দায় সরকারের। জামায়াতের উত্থান হোক এটা আমিও চাই না।’