গাইবান্ধার সুন্দরগঞ্জে ছোট ভাইয়ের লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের মন্ডলেরহাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৬৫)। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই লাল মিয়া ও তাঁর ছেলে মাহবুব মিয়াকে আটক করা হয়েছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মোহাম্মদ আলীর সঙ্গে লাল মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল বেলা ১১টার দিকে লাল মিয়ার নেতৃত্বে চার-পাঁচজন লোক দেশীয় অস্ত্র নিয়ে মোহাম্মদ আলীর ওপর হামলা চালান। তাঁরা মোহাম্মদ আলীকে বেধড়ক মারধর করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।