কক্সবাজারের টেকনাফে সুপারির খোসার ভেতর তিন হাজার ইয়াবা বড়ি ভরে মিয়ানমার থেকে আসা এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে পুলিশ টেকনাফ পৌরসভা বাস স্টেশনের পানির ভাস্কর্য এলাকায় একটি রিকশাকে থামার সংকেত দেয়। তখন রিকশায় থাকা যাত্রী লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে তাঁকে আটক করে এবং পলিথিন ব্যাগের ভেতরে থাকা ৯০টি ভেজা সুপারির ২০টি থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা তিন হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে।
আটক ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লেঙ্গুঁরবিলের আবদুর রশিদ (৪৫)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক দাম নয় লাখ টাকা।
আবদুর রশিদ জানান, তিনি সুপারির ভেতর করে ইয়াবাগুলো চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) রণজিত কুমার বড়ুয়া জানান, আটক ব্যক্তির স্বীকারোক্তি মতে টেকনাফের ডেইলপাড়ার আবদুল আমিনকে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে।