সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটের ফলাফল ঘোষণা কবে, তা অনিশ্চিত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

আইনজীবীদের অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের (২০২২-২৩) ভোটের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। সম্পাদক পদে পুনরায় ভোট গণনা চেয়ে এক প্রার্থীর আবেদন এবং পরে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়কের পদত্যাগপত্রকে কেন্দ্র করে ভোটের ফলাফল কবে জানা যাবে, তা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।

অতীতে দুই পক্ষের সম্মতিতে পুনরায় ভোট গণনার নজির থাকলেও নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়কের পদত্যাগ সমিতির ইতিহাসে আগে ঘটেনি, এমনটাই বলছেন বেশ কয়েকজন আইনজীবী। গত বুধ ও বৃহস্পতিবার—দুই দিন সমিতির নির্বাচনে ভোট গ্রহণ হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় ভোট গণনা শুরু হয়, চলে রাত পর্যন্ত।

প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন আইনজীবী বলেন, গণনার একপর্যায়ে অনিয়মের অভিযোগ তুলে সেদিন (বৃহস্পতিবার) রাত ১২টার দিকে সম্পাদক পদে পুনরায় ভোট গণনা চেয়ে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়কের কাছে আবেদন দেন আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের সম্পাদক প্রার্থী আবদুন নূর। বিভিন্ন টেবিল থেকে আসা প্রার্থীদের ভোট একত্র করে তখন যোগ শুরুর কাজ চলছিল। অনানুষ্ঠানিক ফলাফলে বিএনপি-সমর্থিত নীল প্যানেলের প্রার্থী মো. রুহুল কুদ্দুস (বর্তমান সম্পাদক) এগিয়ে ছিলেন। আবদুন নূরের করা আবেদনের ভিত্তিতে সম্পাদক পদে পুনরায় ভোট গণনা করে ফলাফল ঘোষণার দাবি তোলেন আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের সমর্থকেরা। অন্যদিকে ফলাফল ঘোষণার দাবি তোলেন বিএনপি-সমর্থিত নীল প্যানেলের সমর্থকেরাও। এ নিয়ে সেদিন মধ্যরাত পর্যন্ত পক্ষে-বিপক্ষে চলে হইচই ও হট্টগোল। অনেকে আহ্বায়কের পদত্যাগের দাবিও তোলেন।

প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন আইনজীবী বলেন, এ সময় সমিতির দক্ষিণ হলে তখন অনেকটা অবরুদ্ধ অবস্থায় পড়েন নির্বাচন পরিচালনাসংক্রান্ত উপকমিটির আহ্বায়ক এ ওয়াই মসিউজ্জামান ও অন্য সদস্যরা। রাত সাড়ে তিনটার দিকে তিনি দক্ষিণ হল থেকে বেরিয়ে যান। এর আগে এ ওয়াই মসিউজ্জামান জানান, সম্পাদক পদে পুনরায় ভোট গণনা চেয়ে করা আবেদন দুই পক্ষের উপস্থিতিতে শুক্রবার বেলা তিনটায় নিষ্পত্তি করা হবে। তবে স্বাস্থ্যগত কারণ উল্লেখ করে এর আগেই (বৃহস্পতিবার রাতে) তিনি সমিতির কার্যনির্বাহী কমিটি বরাবরে পদত্যাগপত্র দেন।

জানতে চাইলে জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মসিউজ্জামান আজ শনিবার প্রথম আলোকে বলেন, ‘সমিতির গঠনতন্ত্রে পুনরায় ভোট গণনার বিধান নেই। তবে স্বাস্থ্যগত কারণে ১৭ মার্চ রাত একটায় সমিতির বিদায়ী কার্যনির্বাহী কমিটির কাছে পদত্যাগপত্র দিয়েছি। এখন কার্যনির্বাহী কমিটি পরবর্তী পদক্ষেপ নেবে।’

যোগাযোগ করা হলে সমিতির সম্পাদক মো. রুহুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার রাতে কিছু বহিরাগত তার (এ ওয়াই মসিউজ্জামান) উদ্দেশে আপত্তিকর কথা বলেন ও দুর্ব্যবহার করেন। এতে তিনি অপমানিত বোধ করেন ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করলেও প্রকৃত অর্থে তিনি পদত্যাগ করেনি। কারণ, ১৭ মার্চ রাতে তিনি (এ ওয়াই মসিউজ্জামান) বলেছিলেন, পরদিন (১৮ মার্চ) বেলা তিনটায় উভয় প্রার্থীর উপস্থিতিতে সম্পাদক পদে পুনরায় ভোট গণনা চেয়ে আবদুন নূরের করা আবেদন নিষ্পত্তি করবেন। ওনার (মসিউজ্জামান) সঙ্গে কথা হয়েছে, উনি কিছুটা অসুস্থ। সুস্থ হলে নির্বাচন পরিচালনাসংক্রান্ত কমিটির অপর সদস্যদের নিয়ে ফলাফল ঘোষণা করবেন বলে আশা করছি।’

তবে গতকাল শুক্রবার বেলা তিনটায় সাদা ও নীল প্যানেল থেকে সমিতির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী আবদুন নূর ও মো. রুহুল কুদ্দুস সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে উপস্থিত হন।

এদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ–সমর্থিত প্যানেলের নির্বাচন পরিচালনাসংক্রান্ত কমিটির আহ্বায়ক মোমতাজউদ্দিন আহমদ মেহেদী আজ বিকেলে এক সংবাদ সম্মেলন করেছেন। এ সময় তিনি বলেন, ‌ গতকাল সম্পাদক পদের উভয় প্রার্থী উপস্থিত থাকা সত্ত্বেও নির্বাচন পরিচালনার উপকমিটির আহ্বায়কসহ অধিকাংশ সদস্যের অনুপস্থিতির কারণে ভোট পুনরায় গণনা সম্ভব হয়নি। তিনি বলেন, ‘নির্বাচন পরিচালনাসংক্রান্ত উপকমিটির কাছে অনুরোধ, ঘোষিত সিদ্ধান্ত অনুসারে ভোট পুনরায় গণনার মাধ্যমে সৃষ্ট জটিলতার সমাধান করবেন। তা না হলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান কমিটিকে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি।’

সভাপতি, সহসভাপতি ২টি, সম্পাদক, কোষাধ্যক্ষ, সহসম্পাদক ২টি, সদস্য ৭টি পদসহ মোট ১৪টি পদে এক বছর মেয়াদের জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন হয়ে থাকে।

বৃহস্পতিবার রাত একটার দিকে দুই প্যানেলের সঙ্গে যুক্ত আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, সভাপতি পদে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির ভোটে এগিয়ে ছিলেন। সম্পাদক পদে বিএনপি-সমর্থিত নীল প্যানেলের প্রার্থী মো. রুহুল কুদ্দুসও তাঁর প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে ছিলেন।

দুই প্যানেলের সঙ্গে যুক্ত আইনজীবীদের তথ্য অনুযায়ী, সমিতির ১৪টি পদের মধ্যে সভাপতি, সহসভাপতির দুটি পদ, সদস্যের তিনটি পদসহ ছয়টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা ভোট গণনায় এগিয়ে ছিলেন। অন্যদিকে সম্পাদক, কোষাধ্যক্ষ, সহসম্পাদকের দুটি পদ, সদস্যের চারটি পদসহ মোট আটটি পদে এগিয়ে ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা।

উল্লেখ্য, গত নির্বাচনে (২০২১-২২) ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ৮টিতে সাদা প্যানেলের প্রার্থীরা এবং সম্পাদকসহ ৬টি পদে নীল প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছিলেন।