
নিখোঁজ শিশু সুমাইয়ার বাবা জাকির হোসেন গতকাল সোমবার কামরাঙ্গীরচর থানায় অপহরণের মামলা করেছেন। সুমাইয়া নিখোঁজ হওয়ার ২২ দিন পর গতকাল সোমবার পুলিশের সব কটি বাহিনী সুমাইয়ার খোঁজে মাঠে নামে। গতকাল সব বাহিনীর সদস্যরা এলাকায় যান।
কামরাঙ্গীরচরের বড়গ্রামের যে স্থান থেকে সুমাইয়া নিখোঁজ হয়, গতকাল সেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ, র্যাব, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের গোয়েন্দা বিভাগও কাজ করছে।
সুমাইয়ার বাবা জাকির হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশ তাঁকে থানায় ডেকে নিয়ে একটি নিখোঁজ শিশুকে দেখায়। তবে ওই শিশুটি তাঁর নয় বলে জানান।
কামরাঙ্গীরচর থানার ওসি শাহীন ফকির জানান, তাঁরা সর্বাত্মক অভিযানে নেমেছেন। খুব দ্রুতই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে। এর আগে কেন পুলিশ তৎপর ছিল না জানতে চাইলে তিনি বলেন, তাঁরা ভিডিও ফুটেজ দেখেছেন। সেখানে শিশুটি বা শিশুটি যার হাত ধরে চলে যাচ্ছে বলে দেখা যাচ্ছে, তাদের চেহারা স্পষ্ট ছিল না।
পুলিশ সদর দপ্তর থেকে গতকাল শিশুটি সম্পর্কে খোঁজখবর করা হয়েছে।