সুশাসন-মানবাধিকারের উন্নয়নে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ওয়াশিংটন

জন ফাইনারের সঙ্গে সালমান এফ রহমান
ছবি: সংগৃহীত

সুশাসন, মানবাধিকার ও শ্রম পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশ সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের উপমুখ্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফাইনার স্থানীয় সময় গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের কাছে এই আগ্রহের কথা তুলে ধরেন।

আজ রোববার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সালমান এফ রহমান হোয়াইট হাউসে জন ফাইনারের সঙ্গে দেখা করেন।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জন ফাইনার সুশাসন, মানবাধিকার ও শ্রম ইস্যুতে বাংলাদেশ সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে মার্কিন প্রশাসনের আগ্রহের কথা ব্যক্ত করেন।

মার্কিন সরকারের সঙ্গে কাজ করার অনুরূপ আগ্রহ দেখিয়েছেন সালমান এফ রহমান। তিনি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের বাংলাদেশে শ্রম ও মানবাধিকার পরিস্থিতির ক্রমাগত উন্নতির জন্য ইতিমধ্যে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোর যথাযথ স্বীকৃতির ওপর গুরুত্বারোপ করেন।

গত পাঁচ দশকে দুই দেশের মধ্যে গড়ে ওঠা দৃঢ় সম্পর্কের কথা উল্লেখ করেন জন ফাইনার ও সালমান এফ রহমান।

সালমান এফ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে গত ১৪ বছরে বাংলাদেশের আর্থসামাজিক ও মানব উন্নয়নের চমকপ্রদ সাফল্য সম্পর্কে জন ফাইনারকে অবহিত করেন। এসব অর্জনে সহায়তার জন্য তিনি যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক ও রাজনৈতিক সমর্থন দেওয়ার জন্যও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান তিনি।

জন ফাইনার সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা উল্লেখ করেন। ১০ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য তিনি বাংলাদেশের উদারতার প্রশংসা করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত আলোচনায় র‍্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গটি ওঠে। এ সময় সালমান এফ রহমান যুক্তরাষ্ট্র সরকারকে যত দ্রুত সম্ভব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানান।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীর বিষয়ে জন ফাইনারের দৃষ্টি আকর্ষণ করেন সালমান এফ রহমান। রাশেদ চৌধুরীকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য তাঁর সহায়তা কামনা করেন তিনি।