প্রধানমন্ত্রী শেখ হাসিনা লোকসভায় স্থলসীমান্ত বিল পাস করায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার রাতে টেলিফোনে আলাপকালে সুষমা স্বরাজকে এ অভিনন্দন জানান। খবর বাসসের।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক জানান, রাত ৮টা ৩২ মিনিট থেকে প্রায় ১০ মিনিট তাঁদের মধ্যে টেলিফোনে আলাপ হয়।
১৯৭৪ সালে ঐতিহাসিক মুজিব-ইন্দিরা চুক্তি এবং ২০১০ সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রটোকল চুক্তি অনুযায়ী ভারতীয় পার্লামেন্টে স্থলসীমান্ত বিল পাস করায় প্রধানমন্ত্রী লোকসভার সদস্য, কর্মকর্তা এবং ভারতীয় জনগণকে ধন্যবাদ জানান।
আলাপকালে এ বিল পাস হওয়ায় আগামী দিনে ভারত এবং বাংলাদেশের মধ্যকার সুসম্পর্ক আরও শক্তিশালী হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।