সু চির মুক্তিতে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির মুক্তিতে অভিনন্দন জানিয়েছেন। গতকাল রোববার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র, শান্তি ও মানবাধিকারের বিজয় যে অবশ্যম্ভাবী, সু চির মুক্তির মধ্য দিয়ে তা আবার প্রমাণিত হয়েছে। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, শত অত্যাচার, নির্যাতন, জেলজুলুম সু চিকে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিরত রাখতে পারেনি। তাঁর এই গণতন্ত্র, শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বিশ্ববাসীর কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।প্রধানমন্ত্রী তাঁর নিজের ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সু চির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।