সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ডিফেন্স স্টাডিজের প্রতিনিধিদের সাক্ষাৎ

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলছেন যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ডিফেন্স স্টাডিজের ডেপুটি কমান্ড্যান্ট এয়ার ভাইস মার্শাল গ্যারি টুনিক্লিফ
ছবি: আইএসপিআর

বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ডিফেন্স স্টাডিজের (আরসিডিএস) প্রতিনিধিদল সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। রয়েল কলেজ অব ডিফেন্স স্টাডিজের ডেপুটি কমান্ড্যান্ট এয়ার ভাইস মার্শাল গ্যারি টুনিক্লিফ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গতকাল সোমবার সেনাবাহিনী সদর দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ হয়। সফররত প্রতিনিধিদলের সঙ্গে কুশল বিনিময় করেন সেনাবাহিনী প্রধান। বাংলাদেশ সফরের জন্য তাদের ধন্যবাদ জানান তিনি। এ সময় সামরিক শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ডিফেন্স স্টাডিজের প্রতিনিধিদলের সদস্যরা সেনাপ্রধানের সঙ্গে ফটোসেশনে অংশ নেন

এরপর গতকাল সন্ধ্যায় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে প্রতিনিধিদলটি ঢাকা সেনানিবাসে নৈশভোজে অংশগ্রহণ করে। নৈশভোজে বাংলাদেশে অবস্থিত যুক্তরাজ্যের হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার জাভেদ প্যাটেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ফরেন সার্ভিস একাডেমি, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও ব্র্যাকের উচ্চপদস্থ কর্মকর্তারা।

২০ সদস্যের প্রতিনিধিদলটি গত শনিবার ঢাকায় আসে। আগামী শনিবার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে তারা।