
সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়া সফর শেষে আজ বৃহস্পতিবার বিকেলে সাড়ে চারটায় দেশে ফিরেছেন। সফরকালে তিনি জাম্বিয়া আর্মি কমান্ডার ছাড়াও ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী, এয়ারফোর্সের ভারপ্রাপ্ত কমান্ডার, জাম্বিয়া ন্যাশনাল সার্ভিস এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্টদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জাম্বিয়া সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ প্রশিক্ষণ সুবিধাদি পরিদর্শন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, জাম্বিয়া আর্মি কমান্ডারের আমন্ত্রণে গত ৩০ এপ্রিল তিনি জাম্বিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন। গত সোমবার জেনারেল আজিজ আহমেদ এবং জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ওয়েজি লুখেলের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা ও সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে জেনারেল আজিজ আহমেদ সেনা সদর দপ্তরে জাম্বিয়ার আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম মাইপাম্বে সিকাজওয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। একই দিন বিকেলে জেনারেল আজিজ আহমেদ বিমানবাহিনীর সদর দপ্তরে জাম্বিয়া এয়ারফোর্সের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর জেনারেল বেনেডিক্ট টি কালিন্ডার সঙ্গে সাক্ষাৎ করেন। সফরকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জাম্বিয়ার সেনাবাহিনী ও বিমানবাহিনীর দুটি চৌকস দল কর্তৃক গার্ড অব অনার এবং লালগালিচা সংবর্ধনা প্রদান করা হয়।
গত মঙ্গলবার জাম্বিয়া ন্যাশনাল সার্ভিসের কমান্ড্যান্ট, লেফটেন্যান্ট জেনারেল নাথান মুলেঙ্গার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান। এ সময় জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়া ন্যাশনাল সার্ভিসের প্রতিনিধিদলকে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুশীলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। পরে তিনি জাম্বিয়া ন্যাশনাল সার্ভিসের একটি ইউনিট পরিদর্শন করেন।
গতকাল বুধবার জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়া ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল স্টিফেন সিমুজান্ডোর সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন প্রশিক্ষণ সুবিধা পরিদর্শন করেন এবং প্রশিক্ষণরত কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতা করেন। এ ছাড়া তিনি দুই দেশের স্টাফ কলেজসহ অন্যান্য সামরিক প্রশিক্ষণ আরও জোরদার করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।