
ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো চাকরি মেলার আয়োজন করা হয়েছে। সেনাপ্রধানের নির্দেশে অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য এ মেলার আয়োজন করা হয়। সেনাবাহিনীর ব্যবস্থাপনায় মঙ্গলবার শুরু হওয়া দুই দিনব্যাপী মেলায় দেশের ৬০টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, অবসরপ্রাপ্ত ও অবসরগামী সেনাসদস্য এবং চাকরিরত সেনাসদস্যের পরিবারের সদস্যরা।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান সেনাবাহিনী প্রধান। তিনি বলেন, সেনাবাহিনীর কর্মকর্তারা তুলনামুলকভাবে কম বয়সে অবসর গেলেও অনেকেরই কর্মদক্ষতা রয়ে যায়। এই সুদক্ষ জনশক্তিকে সুশীল সমাজে প্রতিষ্ঠিত করার প্রয়াসে এই মেলার আয়োজন করা হয়েছে। এ বারের মেলা থেকে প্রাপ্ত অভিজ্ঞতাসমুহ ভবিষ্যতে বিবেচনায় নেওয়া হবে বলে জানান সেনাপ্রধান। মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি।