নগরের মহেশ খালের দুটি বাঁক কেটে সোজা করার কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় নগরের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম-সংলগ্ন আদর্শ পাড়ার প্রান্তে এ কার্যক্রম শুরু হয়।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ প্রথম আলোকে বলেন, মহেশ খালের দুটি বাঁক সোজা করা হলে কর্ণফুলী নদীর পানি বঙ্গোপসাগরে দ্রুত ও সহজে নামতে পারবে। খালের নতুন অংশের দৈর্ঘ্য হবে ৫০০ ফুট ও প্রস্থ ২৫ ফুট। এটি ৮ থেকে ১০ ফুট পর্যন্ত খনন করা হবে। এ কাজ শেষ করতে অন্তত এক মাস সময় লাগবে।