নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শান্তিরবাজারে বিএনপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। গতকাল রোববার স্থানীয় যুবলীগের একজন নেতার নেতৃত্বে চাঁদার দাবিতে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগের সূত্রে জানা গেছে, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলী আজগর দীর্ঘদিন ধরে সোনারগাঁ ও আড়াইহাজার উপজেলার সীমানায় শান্তিরবাজারে চালের ব্যবসা করে আসছেন। বারদী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জজ মিয়ার নেতৃত্বে মছলন্দ্রপুর গ্রামের জামান, আবদুল মান্নান ওরফে মন্নার, নবী হোসেন, মহসিন, আসাবদ্দিনসহ ১০-১৫ জন কয়েক দিন ধরে তাঁর কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না পেয়ে গতকাল দুপুরে তারা শান্তিরবাজারে এসে আলী আজগর, তাঁর ভাই সফর আলী ও আনোয়ারুল ইসলামকে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয়।যোগাযোগ করা হলে জজ মিয়া বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। কয়েকজন উচ্ছৃঙ্খল লোক এ ঘটনা ঘটাতে পারে।’সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তবে ব্যবসাপ্রতিষ্ঠানটি আড়াইহাজার উপজেলায় হওয়ার কারণে অভিযোগটি ওই থানায় পাঠানো হয়েছে।’