নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে গতকাল বুধবার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে সাদিপুরের কোনাবাড়ী গ্রামের মাসুদ মিয়া ও গাব্বাবাড়ী গ্রামের আল আমিনের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল সকাল ১০টার দিকে সাদিপুর গ্রামে মাসুদ ও আল আমিনের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। পরে দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। চলে পাল্টাপাল্টি ধাওয়া। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। এ সময় কোনাবাড়ী গ্রামের লোকজন স্থানীয় কোনাবাড়ী-নয়াপুর সড়ক অবরোধ করে চার-পাঁচটি যানবাহন ভাঙচুর করে। মাসুদ মিয়া ও আল-আমিন পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছেন।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান বলেন, উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।