নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কান্দারগাঁও গ্রামে গতকাল বুধবার দুই পক্ষের সংঘর্ষে শিশু, নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এ সময় তিনটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ জানায়, কান্দারগাঁও গ্রামে ফজলুল হক ও জাকির হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল দুপুরে দুই পক্ষের লোকজন টেঁটা, বল্লম, রামদা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে শিশু, নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হন। আহতদের স্থানীয় বেসরকারি চিকিৎসাকেন্দ্র ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে।