নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পানাম নগরী এলাকায় ঈশা খাঁর আমলে নির্মিত ঐতিহাসিক পঙ্খিরাজ সেতুর মাঝখানের কিছু অংশ গতকাল শনিবার ভোরে আবারও ভেঙে পড়েছে। এতে সোনারগাঁ পৌরসভার একাংশ ও সনমান্দী ইউনিয়নের মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে। এলাকাবাসী জানান, এক বছর আগে পঙ্খিরাজ সেতুর মাঝখানে ফাটল ধরে ভেঙে বড় গর্ত হয়ে যায়। এরপর থেকে এলাকাবাসী সেতুটি মেরামতের দাবিতে একাধিকবার মানববন্ধন, জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে স্মারকলিপি দিলেও কর্তৃপক্ষ সেতুটি মেরামতের উদ্যোগ নেয়নি।