জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গোলনগর গ্রামে গতকাল রোববার সকালে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সোনারগাঁ থানায় একটি মামলা হয়েছে।জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের গোলনগর গ্রামে গতকাল সকালে জমির দখল নিয়ে আমিনুল ও শাহজাহানের সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির আ. রশিদ ও ফজলুল হকের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আ. রশিদ, ফজলুল হক, কবির, দেলোয়ার, ওমর ফারুক ও শাহ আলম দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষ সাইফুল, আমিনুল, রফিকুল, শাহজাহান ও মফিজুলের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আমিনুল, সাইফুল, রফিকুলসহ পাঁচজন গুরুতর আহত হন।