নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত বুধবার রাতে দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।জানা গেছে, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভূঁইয়াপাড়া গ্রামের মোশারফ হোসেন ও নূরুল ইসলামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। বুধবার সন্ধ্যায় বিরোধ মীমাংসার জন্য সালিস বসে। কিন্তু রাতে বিরোধের জের ধরে নূরুল ইসলামের পক্ষের ১০/১২ জন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মোশারফ হোসেনের পরিবারের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে মমতাজ বেগম, স্বপনা বেগমসহ ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে মোশারফ হোসেন সোনারগাঁ থানায় একটি মামলা করেছেন।