
আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ সেতু ব্যবহার না করার অনুরোধ করেছে নারায়ণগঞ্জ সড়ক বিভাগ। বিভাগটি জানিয়েছে, এ সময় ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামতের কাজ করা হবে।
সড়ক ও জনপথ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এই সময়ে তারা যানবাহনকে বিকল্প রুট ব্যবহারের অনুরোধ করেছে। মেরামতের কাজ হবে কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝি জায়গায় অবস্থিত লাঙ্গলবন্দ সেতুর ১৭ কিলোমিটার স্থানে।
সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হালকা যানবাহনকে মোগড়াপাড়া-কাইকারটেক ব্রিজ-নবীগঞ্জ-মদনপুর রুট ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যদিকে ভারী যানবাহনের জন্য কাঁচপুর-ভুলতা-নরসিংদী-ভৈরব ব্রিজ-সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা রুট ব্যবহার করতে বলেছে সড়ক ও জনপথ বিভাগ। ১৪ জুলাই দুপুর ১২টা থেকে লাঙ্গলবন্দ সেতুর ওপর দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে।
জনসাধারণের চলাচলে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সড়ক ও জনপথ বিভাগ।