ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গতকাল সোমবার পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। টাঙ্গন নদের সাগুনী রাবার ড্যামে গোসল করতে নেমে ড্যামের রাবারের সঙ্গে আটকে গেলে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ছাত্রের নাম রাহাত (১৪)। সে পৌরশহরের মুন্সিপাড়া মহল্লার মো. বকুল আলমের ছেলে। সে পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় আরও চারজন অসুস্থ হয়ে যায়। তারা হলো রাকিব (১৪), সজিব (১৩), ফারহান (১৪) ও নাইম (১৪)। তারা এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। নাইম ও ফারহান বলে, পানি গভীর হওয়ায় রাহাত পানির ভেতর ড্যামের রাবারের মধ্যে আটকে গিয়ে মারা যায়। পরে তাকে উদ্ধার করা হয়। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি