
যশোরের ঝিকরগাছায় গতকাল বৃহস্পতিবার ট্রেনের ধাক্কায় ইঞ্জিনচালিত নছিমনের আরোহী দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন৷ হতাহতদের সবাই পার্শ্ববর্তী শার্শা উপজেলার বুরুজবাগান পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী।
নিহত দুই শিক্ষার্থী হলো ঝিকরগাছার গুননগর গ্রামের হাবিবর রহমানের মেয়ে হাবিবা খাতুন (১৩) ও বাকী করিমালি গ্রামের শাহজাহান কবিরের মেয়ে সানজিদা মহুয়া (১২। আহত শিক্ষার্থীরা হলো রিমা (১২), সুমাইয়া খাতুন (১২), রোকসানা খাতুন (১২), জবা (১৩), কবিতা (১২) ও ইয়াসমিন (১৩)। তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর অন্যান্য দিনের মতো ১০ শিক্ষার্থী একটি নছিমনে করে বাড়িতে ফিরছিল। নছিমনটি ঝিকরগাছার নাভারন-পাঁচপোতা সড়কের
রেলক্রসিংয়ের ওপর পেঁৗছালে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী কমিউটার ট্রেনটি একে ধাক্কা দেয়৷ ট্রেনটি নছিমনের ওপর দিয়ে চলে যায়। এ সময় হাবিবা ও সানজিদার শরীর ট্রেনের চাকায় দ্বিখণ্ডিত হয়ে যায়৷ ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, যে রেলক্রসিংয়ে দুর্ঘটনা ঘটেছে, সেখানে কোনো গেট নেই৷ এমনকি যানবাহন নিরাপদে পারাপারে সহায়তার জন্য কোনো কর্মচারীকেও নিয়োগ দেওয়া হয়নি। এ কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
বাংলাদেশ রেলওয়ের যশোর জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী বদি-উজ-জামান প্রথম আলোকে বলেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) অবৈধভাবে নাভারন এলাকার রেললাইনের ওপর দিয়ে সড়কটি নির্মাণ করেছে। এ বিষয়ে এলজিইডির যশোর কর্তৃপক্ষের বিরুদ্ধে গত ৩ মে রেলওয়ের খুলনা থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।