স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

ফরিদপুরে স্ত্রী ফরিদা বেগমকে (২৬) হত্যার দায়ে মো. শহীদুল ইসলাম ফকির (৩২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
জরিমানা অনাদায়ে তাঁকে আরও দুই বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার জেলা ও দায়রা জজ মো. জাহিদুল ইসলাম এ রায় দেন।
মো. শহীদুল ইসলাম সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শ্যামসুন্দরপুর গ্রামের বাসিন্দা।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২২ ডিসেম্বর রাত আটটার দিকে ফরিদা বেগমকে বাড়ির পাশে একটি পেয়ারাগাছে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন শহীদুল। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে।
এ ব্যাপারে ফরিদপুর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) খসরুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, শহীদুলের উপস্থিতিতে গতকাল ওই রায় ঘোষণা করা হয়।