বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বন্ধন এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। স্বাধীনতা দিবসে বাংলাদেশের সরকার ও জনগণকে অভিনন্দন জানাতে গিয়ে গতকাল শনিবার তিনি এ আশা প্রকাশ করেন। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো এ খবর দিয়েছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় প্রণব মুখার্জি বলেন, ‘আপনাদের জাতীয় দিবসের এই উৎসবে ভারতের সরকার, জনগণ ও আমার নিজের পক্ষ থেকে শুভকামনা এবং অভিনন্দন জানাই। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক গত কয়েক বছরে অসাধারণ হয়ে উঠেছে।’
প্রণব মুখার্জি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, আমাদের দুটি দেশের মধ্যে সম্পর্ক প্রতিনিয়ত বিস্তৃত হতে থাকবে। এর মধ্য দিয়ে আমাদের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য এক নতুন উচ্চতায় পৌঁছাবে।’