কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকার একটি বাসা থেকে গতকাল সোমবার পুলিশ নয়ন মনী দাশ (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। নয়ন মনীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁর ভাই। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ নয়ন মনীর স্বামী অলক দাশকে (৩২) গ্রেপ্তার করেছে। অলক পৌরসভার ৩ নম্বর বাজারঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। অলকের পরিবারের সদস্যরা জানান, ২৫ মার্চ রাত ১১টার দিকে অলক শহীদ মিনারে যেতে চাইলে তাঁর সঙ্গে স্ত্রীর তর্ক হয়। এ সময় অলক স্ত্রীকে মারধর করে চলে যান। রাত সাড়ে ১২টায় অলক ফিরে এসে ঘুমিয়ে পড়েন। গতকাল বেলা ১১টায় পুলিশ ওই বাসায় গেলে অলক ভেতর থেকে দরজা খুলে দেন। এ সময় ওই কক্ষের খাটের নিচ থেকে পুলিশ নয়ন মনীর লাশ উদ্ধার করে।নয়ন মনীর বড় ভাই কেলন দাশ অভিযোগ করেন, বিয়ের পর থেকে নয়নকে অলক, তাঁর বোনেরা ও মা নির্যাতন করে আসছিলেন।