স্বাস্থ্যসেবা নিয়ে ‘চিপায়’ গলাচিপার সংসদ সদস্য

সংসদ সদস্য এস এম শাহাজাদা
ফাইল ছবি

উপজেলা ও জেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। আজ রোববার জাতীয় সংসদে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে সরকারি দল ও বিরোধী দলের একাধিক সংসদ সদস্য চিকিৎসক ও যন্ত্রপাতি–সংকটের কথা তুলে ধরেন। পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) থেকে সরকারি দলের সংসদ সদস্য এস এম শাহাজাদা মন্তব্য করেন, স্বাস্থ্যসেবা নিয়ে তিনি কিছুটা ‘চিপার’ মধ্যে রয়েছেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। করোনা সংক্রমণের কারণে প্রায় দুই বছর সম্পূরক প্রশ্ন নেওয়া হতো না। আজকের বৈঠকে সম্পূরক প্রশ্ন নেওয়া হয়।

সম্পূরক প্রশ্ন করতে গিয়ে পটুয়াখালীর সংসদ সদস্য এস এম শাহাজাদা বলেন, ‘আমার নির্বাচনী এলাকার দুটি উপজেলা, তার একটির নাম গলাচিপা। এই উপজেলার স্বাস্থ্যসেবা নিয়ে নামের সাথে সাথে আমরা কিছুটা চিপার মধ্যেই পড়ে গেছি।’

সাবেক সিইসি কে এম নূরুল হুদার ভাগনে এস এম শাহজাদা আরও বলেন, গলাচিপাতে যে স্বাস্থ্য কমপ্লেক্সটি আছে, সেটা বেশ আগের। এটা জীর্ণশীর্ণ অবস্থায় আছে। এই স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে একাধিক ভবন রয়েছে। সেগুলো জীর্ণশীর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এই উপজেলায় ৫ লাখ মানুষ। পার্শ্ববর্তী রাঙ্গাবালী উপজেলায় আরও প্রায় আড়াই লাখ লোক রয়েছে। দুই উপজেলার স্বাস্থ্যসেবা পরিচালনা হয় এই স্বাস্থ্যকেন্দ্র থেকে। এ সময় তিনি জানতে চান, এখানে নতুন স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ হবে কি না, হলে সেটা কবে।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সরকার জীর্ণশীর্ণ সব স্বাস্থ্যকেন্দ্র নতুন করে নির্মাণ করে দিচ্ছে। ওই উপজেলার স্বাস্থ্যকেন্দ্র সে ধরনের হলে সরকার তা পুনর্নির্মাণের উদ্যোগ নেবে।

জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ সম্পূরক প্রশ্নে বলেন, জেলা সদরগুলোতে আধুনিক হাসপাতাল হচ্ছে। আধুনিক ভৌত অবকাঠামো হচ্ছে। কিন্তু অভিজ্ঞ জনবল নেই। অ্যানেসথেসিস্ট নেই। যন্ত্রপাতি নিম্নমানের। অনেক জায়গায় চিকিৎসকের অভাবে নার্সরা অপারেশন করেন। উপজেলা হাসপাতালে রোগী গেলে তাদের জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। জেলা হাসপাতালে গেলে পাঠিয়ে দেওয়া হয় ঢাকায়।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন আধুনিক এক্স–রে মেশিন দেওয়া হয়েছে। তবে অ্যানেসথেসিস্টের অভাব রয়েছে এটা সত্য। দীর্ঘদিনের ঘাটতি পূরণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ সম্পূরক প্রশ্ন করতে গিয়ে বলেন, উপজেলা ও জেলা পর্যায়ে কিছু চিকিৎসক দেওয়া হয়েছে। কিন্তু ইউনিয়ন পর্যায়ে কোনো অভিজ্ঞ চিকিৎসক নেই। তিনি জানতে চান কবে চিকিৎসক–সংকট কাটবে। এ সময় অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে যে অভিযান চলছে, অনেক জায়গায় দলীয় বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।

হারুনুর রশীদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বর্তমান সরকার দলীয় বিবেচনায় কোনো ব্যবস্থা নেয় না। এটি করত বিএনপি। তারা কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল।

জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি বলেন, তাঁর এলাকায় একটি হাসপাতালে একটি মাত্র অপারেশন থিয়েটার আছে। কিন্তু সেখানে কোনো অপারেশন হয় না।

সরকারি দলের সংসদ সদস্য শাজাহান খান বলেন, তাঁর এলাকায় আড়াই শ শয্যার হাসপাতাল হয়ে গেছে। কিন্তু তা চলছে ৫০ শয্যার চিকিৎসক দিয়ে।

বিকল্পধারার সংসদ সদস্য আবদুল মান্নান বলেন, তাঁর নির্বাচনী এলাকায় উপজেলা হাসপাতাল ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। কিন্তু সেখানে পর্যাপ্ত নার্স নেই। প্রসূতি মায়েদের অপারেশন হচ্ছে না।

গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানও বলেন, তাঁর এলকায় নার্স ও চিকিৎসকের সংকট রয়েছে।

সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্স সংকটের কথা স্বীকার করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়েছে, আরও দেওয়া হবে। উপজেলা পর্যায়ে চিকিৎসকদের উপস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান বলেন, রংপুর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ও ক্যানসার চিকিৎসার যন্ত্র দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০০১ সাল থেকে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকাটা দুঃখজনক। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সম্ভব হলে যন্ত্র ঠিক করা হবে, না হলে নতুন যন্ত্রপাতি দেওয়ার ব্যবস্থা করা হবে।