
বাংলাদেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন কর্মসূচির জন্য প্রায় এক শ কোটি মার্কিন ডলার বরাদ্দ করেছে বিশ্বব্যাংক। এটি ঋণ হিসেবে দেবে ব্যাংকটি। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। এই বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সম্প্রতি বিশ্বব্যাংকে বাংলাদেশের বিষয়ে একটি পর্যালোচনা হয়েছে। বিশ্বব্যাংকের সংশ্লিস্ট কর্তৃপক্ষ খুবই সন্তুষ্ট। এ জন্য বাংলাদেশের স্বাস্থ্য খাতের আগামী কর্মসূচির জন্য বিশ্বব্যাংক প্রায় এক বিলিয়ন ডলার বরাদ্দ করেছে।
করোনার টিকা কার্যক্রমের পরিস্থিতি তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোভিড-১৯ মোকাবিলা কার্যক্রম বিশেষ করে, করোনার টিকা ও অন্যান্য সহায়তার কাজে বাংলাদেশ সরকার নিজেরাই প্রায় ২০ হাজার টাকা দিয়েছে। এর বাইরেও ২০ থেকে ২২ হাজার কোটি টাকার টিকা কোভ্যাক্সের মাধ্যমে গ্রহণ করে দেওয়া হয়েছে। এত বড় জনসংখ্যাকে এত শৃঙ্খলার মধ্যে টিকা দেওয়া হয়েছে যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২২’–এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এটি অনুমোদন হলে সরকারের অনুমোদন (ডিসির কাছ থেকে) ছাড়া কোথাও হাটবাজার স্থাপন করা যাবে না। কেউ তা করলে হাটবাজার বসালে সরকার অধিগ্রহণ করে নেবে। ব্যক্তি মালিকানার জায়গায় হাট বসালেও সরকার নিয়ে নেবে। আইন অমান্য জেল-জরিমানারও বিধান রাখা হয়েছে আইনের খসড়ায়।
এ ছাড়া বৈঠকে ‘ভূমি উন্নয়ন কর আইন, ২০২২ এবং ‘ভূমি সংস্কার আইন, ২০২২–এর খসড়া এবং জাতীয় মানসিক স্বাস্থ্য নীতির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।