ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের নির্বাচন থেকে তাঁরা তেমন একটা পরিবর্তন হবে বলে মনে করছেন না। গতকাল মঙ্গলবার কথা হয় তাঁদের সঙ্গে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভোটার ব্যবসায়ী সাহিনুর রহমান বলেন, ‘ভোট হয় আর মেয়র-কাউন্সিলর বদল হয়। কিন্তু পৌরসভার তেমন ভালো কাজ হয় না। এবারের আগের মেয়রের আমলে রাস্তাঘাটের অনেক উন্নয়নকাজ করা হয়েছে। কিন্তু দু-তিন বছর না যেতেই রাস্তার বিটুমিন-খোয়া উঠে শেষ। তাহলে রাস্তার কেমন উন্নয়ন হলো? কাজের নামে লাখ লাখ টাকা লোপাট। আমাদের এ ধরনের মেয়র, কাউন্সিলরের কোনো দরকার নেই।’
রঘুনাথপুর মহল্লার ভোটার কলেজছাত্র আতাউর রহমান বলেন, ‘ভোট করতে তিনজন মেয়র প্রার্থী এ কদিনে লাখ লাখ টাকা ঢেলেছেন। এঁদের একজনই মেয়র হবেন। নির্বাচিত হলেই ভোটে খরচের টাকা ওঠাতেই ব্যস্ত হয়ে যাবেন। সৎ, যোগ্য প্রার্থীর কথা বলে তাহলে কী লাভ। কাজের বেলায় সবাই এক।’