
সড়কে পাঁচটি আচরণগত ঝুঁকির পরিবর্তন দুর্ঘটনা কমাতে সহায়ক হতে পারে, যার অন্যতম হচ্ছে গতি। যদি গতি নির্ধারণ ও নিয়ন্ত্রণ করা যায়, তাহলে সড়ক দুর্ঘটনা হ্রাস করা সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা।
আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে নিরাপদ সড়ক জোরদারকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সভায় এসব কথা বলেন বক্তারা।
সভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি প্রবন্ধে সড়ক দুর্ঘটনার পেছনে পাঁচটি ঝুঁকিপূর্ণ কারণ তুলে ধরেন। যার অন্যতম গতি। দেখা যায়, যতগুলো সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়, তার প্রায় সব কটির সঙ্গে অনিয়ন্ত্রিত বা দ্রুতগতিতে মোটরযান চালানোর বিষয়টি সম্পর্কিত। যদি গতি নির্ধারণ ও নিয়ন্ত্রণ করা যায়, তাহলে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।
তেমনিভাবে মদ্যপ অবস্থায় বা নেশাজাতীয় দ্রব্য সেবন করে মোটরযান পরিচালনাও সরাসরি দুর্ঘটনার কারণ উল্লেখ শারমিন রহমান বলেন, যদি মদ্যপ অবস্থায় মোটরযান চালানো নিষেধ বিধানটি শতভাগ প্রয়োগ করা যায় তাহলে দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২০ শতাংশ হ্রাস করা যাবে। তিনি বলেন, দুই ও তিন চাকার মোটরযান ব্যবহারকারীদের জন্য মাথার আঘাত মৃত্যুর প্রধান কারণ। এখানেও যেমন গতির বিষয়টি রয়েছে পাশাপাশি হেলমেট পরিধানের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক হেলমেট ব্যবহার দুর্ঘটনায় মৃত্যুঝুঁকি ৪০ শতাংশ হ্রাস করতে পারে এবং মাথার আঘাতের ঝুঁকি ৭০ শতাংশ কমাতে পারে।
একইভাবে সিটবেল্ট পরা চালক ও সামনের আসনে যাত্রীদের মৃত্যুর ঝুঁকি ৪৫ থেকে ৫০ শতাংশ এবং পেছনের আসনের যাত্রীদের মধ্যে মৃত্যু ও গুরুতর আঘাতের ঝুঁকি ২৫ শতাংশ হ্রাস করে। শিশুদের জন্য নিরাপদ বা সুরক্ষিত আসন থাকলে বেশি ছোট শিশুদের ৭০ শতাংশ এবং বড় শিশুদের ৫৪ থেকে ৮০ শতাংশ মারাত্মক আঘাত পাওয়া এবং মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে পারে।
সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট অব রোড সেফটি ২০১৮ প্রতিবেদনের তথ্য তুলে ধরে বলা হয়, প্রতিবছর বিশ্বে ১৩ লাখ ৫০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এসব দুর্ঘটনায় ৫ থেকে ২৯ বছর বয়সী মানুষ বেশি মারা গেছেন। আর এসব মৃত্যুর ৯০ শতাংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশে সংঘটিত হয়।
সভায় বক্তব্য দেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের উপপরিচালক মো. মোখলেছুর রহমান। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতিবছর দেশে প্রায় ২৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এ ক্ষেত্রে জনসচেতনতা তৈরিসহ নীতিনির্ধারণী পর্যায়ে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার (পলিসি) তাসনিম মেহবুবা ও অ্যাডভোকেসি অফিসার (কমিউনিকেশন) তরিকুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।