সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় জসিম উদ্দিন (৬৫) নামের এক শ্রবণপ্রতিবন্ধী নিহত হয়েছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বৈরাগীরচর ভাংগাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে শনিবার রাতে গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় রুবেল মোল্লা (৮) নামের এক শিশু নিহত হয়।
দৌলতপুর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৈরাগীরচর ভাংগাপাড়া এলাকায় একটি মোটরসাইকেল শ্রবণপ্রতিবন্ধী জসিম উদ্দিনকে ধাক্কা দেয়। এতে জসিম ও মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়ে আহত হন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে জসিমের মৃত্যু হয়।