
ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বুধবার বেলা তিনটার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের ময়মনসিংহ সদর উপজেলার রশিদপুর নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহত ব্যক্তিরা সবাই ওই অটোরিকশার যাত্রী। নিহত দুজনের একজন বাবলু মিয়া (৪২)। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আবদুল আজিজের ছেলে। অপরজন রিপন মিয়া (৩০)। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার করিম মিয়ার ছেলে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা থেকে পাঁচজন যাত্রী নিয়ে ময়মনসিংহ যাওয়ার পথে তারাকান্দা থানার রশিদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নেত্রকোনাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত ও অপর তিনজন আহত হন।
নিহত দুজনের মধ্যে একজনের শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে স্থানীয় লোকজন আহত লোকজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যায়। তাৎক্ষণিকভাবে আহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শফিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দুজনের লাশ উদ্ধার করে শ্যামগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। বাসটিকে আটক করা হলেও চালক পলাতক।