সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। একইদিন নোয়াখালীর সেনবাগ, বরিশালের গৌরনদীতে আরও দুজন নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:গাইবান্ধা: ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরের কাছের কোমরপুর এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক গোবিন্দগঞ্জ উপজেলার বদলাগাড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষক অনিল চন্দ্র (৩৫) নিহত হন। নোয়াখালী: সেনবাগ-কোরেশ মুন্সী সড়কের সেনবাগের বিন্নগনি মির্জিপুকুরপাড় এলাকায় সকালে কয়লাবোঝাই একটি ট্রাকের চাপায় বাদশা আহাদ (৮) নামের এক শিশু নিহত হয়েছে। গৌরনদী (বরিশাল): ঢাকা-বরিশাল মহাসড়কের কটকস্থল বাসস্ট্যান্ডের কাছে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক বেলাল হোসেন (৩৫) নিহত হন।