সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় রুপম চন্দ্র নাথ (৩০) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে নগরের সিইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রূপম নগরের ইপিজেড থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হি​সেবে কর্মরত ছিলেন।


ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলে করে টহল দেওয়ার সময় ​ইপিজেড মোড়ে দ্রুতগামী একটি মাইক্রোবাস রুপমের মোটরসাইকেলে ধাক্কা দেয়। পরে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎ​সক তাঁকে মৃত ঘোষণা করেন। মাইক্রোবাসটিকে আটক করা গেলেও চালক পলাতক।

রুপমের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। গত বছর ইপিজেড থানায় তিনি কাজে যোগ দেন।