যশোরে গতকাল রোববার সন্ধ্যায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। সদর উপজেলার কুয়াদা বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী।
নিহত ব্যক্তির নাম মুশফেক-উস-সালেহীন (৩৫)। তিনি বহুজাতিক কোম্পানি সনি ও র্যাংগস পণ্যের কেশবপুর অঞ্চলের পরিবেশক ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, যশোরে ব্যবসায়িক কাজ শেষে সন্ধ্যা সোয়া সাতটার দিকে এক সঙ্গীসহ নিজ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মুশফেক। পথে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের কুয়াদা বাজার এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায় তাঁর মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী নিহত ও তাঁর সঙ্গী গুরুতর আহত হন।