সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মনিরা আকতার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার প্রধানগছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রধানগছ গ্রামের মোস্তফা কামালের মেয়ে মনিরা চলতি বছর উপজেলার গীতালগজ উচ্চবিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিয়েছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভজনপুর-ভুতিপুকুরী সড়ক পার হওয়ার সময় ভুতিপুকুরী থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী ট্রাক্টরটিকে আটক করেছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছে।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড এম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে এখনো থানায় কেউ অভিযোগ করেননি।