হবিগঞ্জে আটকের ১০ ঘণ্টা পর ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় গতকাল শুক্রবার বানিয়াচং থানায় তিনটি মামলা করেছে পুলিশ। মামলায় আটক হওয়া তিনজনসহ সাত-আটজনকে আসামি করা হয়েছে।
বানিয়াচং থানা সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানা-পুলিশ উপজেলার ইউসুফপুর গ্রামের ইছমত মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে ডাকাতির প্রস্তুতির অভিযোগে। রাত তিনটার দিকে তাঁকে সঙ্গে নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপর সহযোগীদের ধরতে বানিয়াচং-শিবপাশা সড়কের আঞ্জন এলাকায় গেলে পুলিশকে ঘিরে ফেলে একদল ডাকাত। তারা আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার জন্য এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতদের গুলিতে সাইফুল ইসলাম নিহত হন।
পুলিশের দাবি, সাইফুল ডাকাত দলের নেতা। তাঁর বিরুদ্ধে একটি হত্যা, চারটি ডাকাতি ও চারটি দ্রুত বিচার আইনের মামলা রয়েছে। এ ছাড়া আটটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ঘটনায় পুলিশের তিন কর্মকর্তা আহত হন। এ ছাড়া পুলিশ বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামের আজম উদ্দিন, পাহাড়পুর গ্রামের আবদুল বারী ও মনু মিয়াকে আটক করে। বর্তমানে তাঁরা হবিগঞ্জ সদর হাসপাতালে পুলিশ পাহারায় ভর্তি আছেন।
গতকাল শুক্রবার বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় তিনটি মামলা করেছে।