১০ বছর পর কাল মঙ্গলবার হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কাউন্সিল (সম্মেলন) অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাউন্সিলে ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। দীর্ঘদিন পর এ কাউন্সিলকে ঘিরে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।সংগঠন সূত্রে জানা গেছে, ৭১ সদস্যের এই কমিটির সভাপতি, সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মোট আটটি পদে নির্বাচন হবে। জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৩ সালে জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। এতে মুশফিক হোসেন সভাপতি ও মো. আবু জাহির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৬ সালে ওই কমিটি মেয়াদোত্তীর্ণ হয়।হবিগঞ্জ পৌরসভা মাঠে কাল বেলা তিনটায় কাউন্সিলের প্রথম পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় অধিবেশন সন্ধ্যা সাতটায় স্থানীয় শাহ এ এম এস কিবরিয়া পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এখানে আটটি উপজেলা, তিনটি পৌরসভাসহ মোট ১১টি ইউনিটের ২৮০ জন কাউন্সিলর ভোট দিয়ে তাঁদের নেতা নির্বাচন করবেন। কাউন্সিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন ও সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি মুশফিক হোসেন চৌধুরী ও সাংসদ (হবিগঞ্জ-৩) মো. আবু জাহির। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাংসদ আবদুল মজিদ খান (হবিগঞ্জ-২), চৌধুরী আবু বকর সিদ্দিকী ও আলমগীর চৌধুরী।