হরতালের সমর্থনে জামায়াতের মিছিল

আজ মঙ্গলবারের হরতালের সমর্থনে জামায়াতে ইসলামী চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছে। গতকাল সোমবার দুপুরে নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকা থেকে মিছিলটি বের হয়।জামায়াতের নায়েবে আমির মাওলানা এ কে এম ইউসুফকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ মঙ্গলবার জামায়াতে ইসলামী সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।হরতালের সমর্থনে বের করা মিছিলটি এনায়েতবাজার মোড়ে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘বিরোধী দলকে হয়রানি করে আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করতে চাচ্ছে। তা জনগণ হতে দেবে না।’