হরতালে সমমনা দলগুলোর সমর্থন চাইলেন খালেদা

সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল শনিবার রাতে জাগপা, ন্যাপ, মুসলিম লীগ (দুই পক্ষ), এনপিপি ও এনডিপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বেগম জিয়া আগামী ২৭ জুনের হরতালে সমর্থন দেওয়ার জন্য এসব দলের নেতাদের প্রতি আহ্বান জানান।রাতে বিরোধীদলীয় নেত্রীর গুলশানের কার্যালয়ে এ বৈঠক হয়। রাত সাড়ে নয়টা পর্যন্ত চলে বৈঠক। পরে তিনি রাত ১০টা থেকে খেলাফত মজলিসের সঙ্গে বৈঠকে বসেন।বিএনপির চেয়ারপারসন গত বৃহস্পতিবার চারদলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও ইসলামী ঐক্যজোটের নেতাদের সঙ্গে অনুরূপ বৈঠক করেন।দলের একটি সূত্র জানায়, আগামী ৬ জুন পর্যন্ত সমমনা দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে সংলাপ চলবে।